কারাগারে দুই মাদক কারবারির সমর্থকদের সংঘর্ষ

খুলনা জেলা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক কারবারির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার বিকেলে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

কারাগার সূত্র জানায়, বিকেল পৌনে ৫টার দিকে খুলনার মাদক কারবারি রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ অন্য দুই মাদক কারবারি শিমুল ও কালা লাভলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।  আধা ঘণ্টার বেশি সময় ধরে এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের সামনে গেলেও তারা ভেতরে প্রবেশ করেননি।

কারাগারের সুপার নাসির উদ্দিন জানান, কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, দুই মাদক কারবারির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।