ফেনীতে ঘরে ঢুকে ৭০ ভরি সোনা লুট

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সুইডেনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি সোনাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার রাতে চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের ঘরের বারান্দার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে লোকজনকে বেঁধে ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

দাগনভূঞা থানার ওসি ওয়াহেদ পারভেজ বলেন, ‘ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।’