খুলনা-সিরাজগঞ্জের ১২ প্রতিষ্ঠানের শতভাগ ফেল

চলতি বছর এইচএসসি পরীক্ষায় খুলনার ৪টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। এ  ছাড়া সিরাজগঞ্জের ৫টি কলেজ থেকে এইচএসসি ও ৩টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, খুলনার ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ থেকে ১ জন অংশ নিয়ে ফেল করেছে। এছাড়া খুলনা নগরীর হোম ইকোনমিক্স কলেজ থেকে ১ জন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ জন, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন অংশ নিয়েছিলেন, কিন্তু কেউ পাস করেননি।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, কেউ পাস না করা কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিরাজগঞ্জ জেলায় শতভাগ ফেল করা কলেজগুলো হলো, শাহজাদপুর উপজেলার নুকালী ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ, খুকনী মাল্টিলেটার হাইস্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলার ছোনগাছা মহিলা কলেজ, তাড়াশের মাধাইনগর আদিবাসী আদর্শ কলেজ ও রাণীরহাট আদর্শ কলেজ। এছাড়া শাহজাদপুরের বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা, উল্লাপাড়ার পুকুরপাড় এস অ্যান্ড বি ফাজিল মাদ্রাসা ও বন্যাকান্দি আলিম মাদ্রাসা থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি।

নুকালী ড. মোজাহারুল ইসলাম মডেল কলেজ থেকে ১৫জন, খুকনী মাল্টিলেটার হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২২, বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৪, উল্লাপাড়ার পুকুরপাড় এস অ্যান্ড বি ফাজিল মাদ্রাসা থেকে ১০ ও বন্যাকান্দি আলিম মাদ্রাসা থেকে ১০জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছেন। তাড়াশ উপজেলার মাধাইনগর আদিবাসী আদর্শ কলেজ থেকে তিনজন ও রাণীরহাট আদর্শ কলেজ থেকে দুজন পরীক্ষা দিয়ে ফেল করেছেন। সদর উপজেলার ছোনগাছা মহিলা কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন।