শাহজালালে আগুন, ৩ দিনের ফ্লাইট চার্জ মওকুফ করল সরকার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক বিমান সংস্থা অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করে ফ্লাইট চলাচল সামঞ্জস্য করতে চেষ্টা করছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে, যাতে এসব বিশেষ ফ্লাইটের আরোপিত চার্জসমূহ মওকুফ করা যায়। আজ সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে অগ্নিকাণ্ড ঘটায় ফ্লাইট শিডিউল বিশৃঙ্খল হয়। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলো অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। এমতাবস্থায়, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত এসব ফ্লাইটের চার্জসমূহ মওকুফ করার ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ড শনিবার দুপুর সোয়া ২টায় শুরু হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। সন্ধ্যার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে। তবে কার্গো ভবনে রাখা প্রায় সব আমদানি করা মালামাল আগুনে পুড়ে গেছে।