শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ

জুলাই ও আগস্টে সংঘটিত ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ।

সোমবার (২০ অক্টোবর) থেকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আদালতে যুক্তি উপস্থাপন করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার টানা ৫ দিন ধরে চলা শুনানির পর প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক শেষ করে। এরপর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেদিনই আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৫৪ জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষীদের মধ্যে ছিলেন তদন্ত কর্মকর্তা, দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে মামলার প্রধান দুই আসামি পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী হাজির করা সম্ভব হয়নি।

এদিকে আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণের কার্যক্রমও অনুষ্ঠিত হবে।