চার ম্যাচ পর ফর্টিসকে হারালো বসুন্ধরা

ফর্টিস এফসিকে নিজেদের কিংস অ্যারেনাকে ভেন্যু হিসেবে ব্যবহার করতে দিয়ে যেন নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল বসুন্ধরা কিংস। এ মাঠে শেষ চার ম্যাচে ফর্টিসকে হারাতে পারেনি তারা। গত বছর ফেডারেশন কাপে ফর্টিস জিতেছিল ২-০ ব্যবধানে। এরপর টানা তিন ম্যাচ ১-১ ড্র হয়। সেপ্টেম্বরে চলিত ফেডারেশন কাপের ম্যাচ বসুন্ধরা পারেনি জয়ের মুখ দেখতে। জয়ের সেই অপেক্ষা অবশেষে ঘুঁচেছে।

নিজেদের মাঠে ভয়ঙ্কর প্রতিপক্ষ ফর্টিসকে শেষ পর্যন্ত হারিয়েছে তারা। সোমবার ২-১ গোলে জিতেছে কাগুজে সেরারা। বাংলাদেশ ফুটবল লিগেও পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রথম জয়ের দেখা পেয়েছে। জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ বসুন্ধরা কিংস কুয়েত যাবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ নিতে।

মানিকগঞ্জে দিনের অপর ম্যাচে পিডব্লিউডি ১-০ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। দ্বিতীয় রাউন্ডের এই দুই ম্যাচের পর ফের লম্বা বিরতিতে যাচ্ছে লিগ। বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগ এবং জাতীয় দলের নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও প্রস্তুতির জন্য লিগে ছেদ পড়ছে ৩৪ দিন।

এ ম্যাচে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী কিউবা মিচেলের। বসুন্ধরা কিংসের হয়ে এর আগে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে খেলেছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। এরপর থেকে চোটের কারণে কিংসের হয়ে আর খেলা হয়নি। মাঝে অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে খেলার সুযোগ হয় তার। সোমবার ম্যাচের ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে আসেন তিনি। গোল না পেলেও বেশ কিছু মুভে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ।

বসুন্ধরার কাঙ্ক্ষিত জয়ে গোল করে ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ ও জাতীয় দলের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম।

মানিকগঞ্জে জয় পেয়েছে আগের ম্যাচে বসুন্ধরাকে রুখে দেওয়া পিডব্লিউডি। ২২ মিনিটে উজবেক ফরোয়ার্ড আকোবির তুরায়েভ করেন জয়সূচক গোল।

এই জয়ে বসুন্ধরা, রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশের সঙ্গে সমান চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ভাগ করে নিয়েছে পিডব্লিউডি। তিন পয়েন্ট করে আছে ফর্টিস ও ব্রাদার্সের। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্স-আপ আবাহনী, আরামবাগ ও ফকিরেরপুলের সংগ্রহে সমান এক পয়েন্ট করে।