ফের আন্তর্জাতিক ভলিবল আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে। সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বুধবার থেকে শুরু হতে যাওয়া কাভা কাপ ঘিরে স্বাগতিক বাংলাদেশের দুই লক্ষ্য। লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বিশ্ব র্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশের নাম। তাই প্রথম লক্ষ্য র্যাংকিংয়ে ফেরা। আর ছয়জাতি আসরে শিরোপা জিতেই র্যাংকিং তালিকায় প্রত্যাবর্তনের কাজটা করতে চায় বাংলাদেশ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। সবশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল কাভা কাপ। সে আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালেও কাভা কাপ হয়েছিল। সেখানেও সেরা বাংলাদেশ। তবে সে আসরটি অনূর্ধ্ব-২৩ দল নিয়ে হয়েছিল।
ভলিবলের বর্তমান র্যাঙ্কিংয়ে আছে ১০১টি দেশ। ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় র্যাংকিং তালিকা থেকে বাদ পড়ে বাংলাদেশের নাম।
সংবাদ সম্মেলনে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ র্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছেন। এসএ গেমসকে সামনে রেখে জাপানি কোচ রায়ান মাসাজেদি কাজ করেছেন মাস খানেক ধরে। সেই প্রস্তুতি পুঁজি করে কাভা কাপে অংশ নেবে বাংলাদেশ। দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কোচ বলেন, 'আমরা এক মাস আগে প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় আছে। তবে অনেকেরই ১০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নেই। এগুলোকে আমি অজুহাত হিসেবে দেখাচ্ছি না। শিরোপা জেতা কঠিন, তবে আমরা চেষ্টা করব।' কোচ যোগ করেন, 'কেউ নিশ্চিত করে বলতে পারে না যে তারাই শিরোপা জিতবে। এখানে তুর্কমেনিস্তান ভালো দল। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনালে খেলা। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগুবো।'
বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের। উদ্বোধনী দিনে সে ম্যাচের পর বাংলাদেশ ২৩ অক্টোবর নেপাল ২৪ অক্টোবর শ্রীলঙ্কা, ২৬ অক্টোবর তুর্কমেনিস্তান ও ২৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে। আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৮ তারিখ ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
২৮ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিলেন স্বর্ণা-রাবেয়ারা