আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১৩ নভেম্বর

রাজধানীতে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাতসংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ১৩ নভেম্বর। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। এ উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো মিলিয়ে এবারের আয়োজনটি হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান সেমসগ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এসএস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস।

এ সময় জানানো হয়, তিন দশক পূর্তি উদযাপন করতে যাওয়া বিল্ড সিরিজ অব এক্সিবিশনস এরই মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ও দীর্ঘমেয়াদি নির্মাণ ও আবাসন প্রদর্শনী হিসেবে পরিচিতি অর্জন করেছে। নির্মাণসামগ্রী, প্রণালি, প্রযুক্তি ও সরঞ্জামকেন্দ্রিক বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ‘৩০তম বিল্ড বাংলাদেশ ২০২৫’ এবং রিয়েল এস্টেট ও হাউজিং খাতবিষয়ক ‘২৪তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, ইন্টেরিয়র ডিজাইন এবং যুগোপযোগী আবাসন সমাধান তুলে ধরা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের নির্মাণ খাত বর্তমানে জিডিপিতে ৮ শতাংশের বেশি অবদান রাখছে। ১৭ কোটিরও বেশি জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের কারণে আবাসন ও অবকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। কাজেই বিল্ড সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি ও অংশীদারত্ব বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট ‘২৭তম পাওয়ার বাংলাদেশ ২০২৫’, ‘২২তম সোলার বাংলাদেশ ২০২৫’ এবং ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৫’। এ প্রদর্শনীগুলো দেশের বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোকপ্রযুক্তির সর্ববৃহৎ আন্তর্জাতিক আসর হিসেবে স্বীকৃত। প্রদর্শনীতে থাকবে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনপ্রযুক্তি, সৌর ও নবায়নযোগ্য শক্তির সমাধান এবং জ্বালানি-সাশ্রয়ী আধুনিক আলোকপ্রযুক্তি। আয়োজকদের মতে, এসব উদ্যোগ টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

এ ছাড়া পানিপ্রযুক্তি ও সমাধানসম্পর্কিত বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের বাস্তবতায় এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর লক্ষ্যকে সামনে রেখে এই প্রদর্শনী পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে।

আন্তর্জাতিক এ প্রদর্শনীগুলোতে চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশের ২০০টি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।