ঠিকাদারদের তোপের মুখে পালালেন প্রকৌশলী

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের তোপের মুখে কার্যালয় ছেড়ে পালালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস। গতকাল সোমবার বিকেলে জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল ৪ শতাধিক ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হন। নিয়ম অনুযায়ী ঠিকাদাররা ৬৯ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন। তবে হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং বাতিল সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। অঘোষিতভাবে নির্বাহী প্রকৌশলীর টেন্ডার বাতিলের এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা।

ভুক্তভোগী ঠিকাদাররা জানান, কোনো পূর্ব ঘোষণা বা কারণ না জানিয়ে হঠাৎ টেন্ডার বাতিল করা হয়েছে। এতে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সঠিক কারণ এবং সুরাহা দিতে না পারলে তারা নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা ঝুলিয়ে দেবেন।

তারা আরও জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি এখানে এসে সেই সরকারের এজেন্ডা এখনো বাস্তবায়ন করছেন। ফ্যাসিস্ট সরকারের দালাল ঠিকাদারদের সব ধরনের বিল তিনি সুকৌশলে পরিশোধও করছেন। নিজের স্বার্থে টেন্ডার নিয়ে এখন তিনি এক ধরনের নাটকীয় ঘটনার অবতারণা করছেন।

ঠিকাদারদের তোপের মুখে কার্যালয় ছেড়ে চলে যাওয়ায় এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ঢাকা থেকে আমাদের কাছে আসা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’