পাকিস্তানের হামলাতেই তিন ক্রিকেটারের মৃত্যু- নিশ্চিত হয়েছে আফগানিস্তান

প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলছে সামরিক উত্তেজনা। সম্প্রতি আফগানিস্তানের উরগুন জেলায় পাকিস্তানের হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এই হামলা যে পাকিস্তানই করছে- সে বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে বলে দাবি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গত শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই বিমান হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ছিলেন তিন ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা উরগুন শহরের বাসিন্দা। স্থানীয় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তারা বিমান হামলার শিকার হন। এই ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তারা আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে খেলবে না।

আফগানিস্তানের এই ঘোষণার পর নভেম্বরের আসন্ন ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে যুক্ত করে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তান সরকার এমন হামলার কথা অস্বীকার করে। সেই ধারাবাহিকতায় এবার এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সদাত বার্তা সংস্থা ‘এএনআই’কে বলেন, ‘আমাদের কাছে ভিডিওসহ স্পষ্ট প্রমাণ আছে যে, এই হামলা পাকিস্তানি রাষ্ট্রের মাধ্যমে করা হয়েছে। ক্রিকেট সম্প্রদায় এবং সারা বিশ্বের মানুষ আমাদের রিপোর্ট ও ভিডিও দেখেছেন।’

এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি সমর্থন জানিয়েছে। সাদাত আরও বলেছেন, ‘এটি আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, খেলোয়াড় ও ক্রিকেট পরিবারের জন্য একটি বড় ক্ষতি। আমরা চাই, সকল ক্রিকেট বোর্ড এই বর্বরোচিত হামলার নিন্দা জানাক। ক্রিকেট শান্তির বার্তা দেয়। খেলোয়াড়রা শান্তির দূত এবং তাদেরকে যুদ্ধ থেকে দূরে রাখা উচিত।’