‘তোমাদের অধিনায়ককে পাঠাও, আমি ট্রফি দেব’ — ভারতের উদ্দেশে মহসিন নাকভি

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম

এশিয়া কাপের শিরোপা নিয়ে আবারও শুরু হয়েছে ভারত- পাকিস্তান ক্রিকেটের টানাপোড়েন। সর্বশেষ আসরে তিনবার মুখোমুখি হলেও রাজনৈতিক কারণে ভারতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। এই রাগে ভারতীয় দলকে এশিয়া কাপের শিরোপা দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি।

মজার ব্যাপার হলো, এশিয়া কাপের ট্রফি এসিসিতে না রেখে সেটিকে নিজের সাথে হোটেলে নিয়ে গিয়েছিলেন নাকভি। ভারত সেটি ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে এসিসিকে চিঠি দিয়েছিল। সেই চিঠির বিষয়ে করাচিতে সাংবাদিকদের নাকভি বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে একাধিক চিঠি বিনিময় হয়েছে। এসিসি তাদের জানিয়েছে যে, আমরা ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব ও তার খেলোয়াড়দের দুবাইয়ে ১০ নভেম্বর একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে ট্রফি হস্তান্তর করতে চাই।’

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু ম্যাচ শেষে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর নাকভি নিজেই ট্রফিটি মাঠ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে ভারতীয় অধিনায়ক সুর্যকুমার ও তার সতীর্থরা প্রতীকীভাবে শিরোপা তুলে ধরার অভিনয় করেন এবং আসল ট্রফি ছাড়াই দেশে ফিরে যান।

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারণ জানানো হয়নি। দেশটির সংবাদমাধ্যমগুলোর দাবি— নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ থাকায় ভারতীয় খেলোয়াড়রা তার কাছ থেকে ট্রফি নিতে চাননি। এদিকে, বিষয়টি নিয়ে বিসিসিআই আগামী ৪–৭ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসি ও এএসিসি বোর্ড সভায় আলোচনা করতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ভারত এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সব তিনটি ম্যাচেই জয় পেয়েছে। প্রতিটি ম্যাচেই ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি। প্রথম ম্যাচের জয় পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় সেনাদের উদ্দেশে উৎসর্গ করায় অধিনায়ক সুর্যকুমারকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে আইসিসি। অন্যদিকে, পাকিস্তানের পেসার হারিস রউফ দ্বিতীয় ম্যাচে রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য একই পরিমাণ জরিমানার সম্মুখীন হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত