মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৬৫) নামের এক কমিউনিটি পেট্রোলিং সদস্য (সিপিজি) নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ভোরে ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী গাড়ির চাপায় তার মৃত্যু হয়।
নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া এলাকার বাসিন্দা। তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিপিজি সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, প্রতিদিনের মত বুধবার ভোরেও লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন সড়কে জানকিছড়া এলাকায় সিরাজ মিয়া ডিউটি করছিলেন। ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ ঘটনাস্থলে ছুটে যাই। আমরা লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহতের পরিবারের পাশে আছি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ঘটনাটি ভোরে সংঘটিত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।