পাকিস্তান জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরানো নিয়ে তুমুল আলোচনা চলছে দেশটির ক্রিকেটাঙ্গন ও গণমাধ্যমে। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, ফিলিস্তিনকে সমর্থন দেওয়াতেই নাকি রিজওয়ানের নেতৃত্ব গেছে। তবে এবার সামনে এলো অন্য এক কারণ।
ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জুয়া কোম্পানির প্রচারে অস্বীকৃতি জানানোর কারণেই নাকি রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে শাহিন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পিসিবির একটি সূত্র বলেছে, ‘রিজওয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো জুয়া কোম্পানির বিজ্ঞাপন বা লোগোর প্রচার করবেন না। এ কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জুয়ার বিষয়ে পিসিবির ইতিবাচক অবস্থানের বিরোধিতা করেছিলেন।’
এ বছরের শুরুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার সময়ও রিজওয়ান জুয়া কম্পানির লোগোযুক্ত জার্সি পরতে অস্বীকৃতি জানান। পরে তিনি স্পনসরের নাম ছাড়া জার্সি পরেই খেলেছেন। এর আগে রশিদ লতিফ বলেছিলেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা তুলেছিল বলেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো? এই সিদ্ধান্তের পেছনে মাইক হেসন আছে, তাই না? তিনি এমন সংস্কৃতি পছন্দ করেন না যেখানে ধর্মীয় চর্চা থাকে।’
রিজওয়ানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন হেড কোচ মাইক হেসন, পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ, এবং নির্বাচক কমিটির সদস্যরা। নতুন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির যাত্রা শুরু হবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এই সিরিজ অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের মার্চ থেকে পাকিস্তান দলে নেতৃত্বের যত পরিবর্তন:
মার্চ ২০২৩: শাদাব খান টি-টোয়েন্টি অধিনায়ক (আফগানিস্তানের বিপক্ষে)
নভেম্বর ২০২৩: বাবর আজম পদত্যাগ; শাহীন টি-টোয়েন্টি, শান মাসুদ টেস্ট অধিনায়ক
মার্চ ২০২৪: শাহীনকে সরিয়ে বাবর আজম পুনর্বহাল
অক্টোবর ২০২৪: বাবর সরে দাঁড়ালে রিজওয়ান হন ওয়ানডে অধিনায়ক
মার্চ ২০২৫: সালমান আলি আগা টি-টোয়েন্টি অধিনায়ক
অক্টোবর ২০২৫: শাহীন শাহ আফ্রিদি ফের অধিনায়ক হিসেবে ফিরলেন ওয়ানডে ফরম্যাটে