প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনেদুপুরে অবিশ্বাস্য কায়দায় চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার তিন মুখোশধারী ব্যক্তি জানালার গ্রিল কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে ৯টি মহামূল্যবান অলংকার সামগ্রী নিয়ে মোটর-স্কুটারে করে পালিয়ে যায়। এক ফরাসি কৌঁসুলি জানিয়েছেন, চুরি যাওয়া অলংকার সামগ্রীর প্রাক্কলিত মূল প্রায় ১০২ মিলিয়ন ডলার (৮৮ মিলিয়ন ইউরো)।
গতকাল বুধবার সিএনএন এক প্রতিবেদনে বলেছে, কৌঁসুলি লরেঁ বেকু ফরাসি রেডিও স্টেশন আরটিএলকে এ তথ্য জানান। তিনি বলেন, জাদুঘরের কিউরেটর খোয়া যাওয়া সামগ্রীর মূল্য সম্পর্কে ধারণা দিয়েছেন।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে এসব অলংকার অনেক দামি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটুকু শুধু আর্থিক ক্ষতি। তবে এগুলোর ঐতিহাসিক মূল্য বিচারে ক্ষয়ক্ষতি পরিমাপ করা একেবারেই সম্ভব নয়।’
কৌঁসুলি আরও জানান, প্রায় ১০০ তদন্তকারী চার অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
বিশেষজ্ঞরা হারিয়ে যাওয়া অলংকার ফিরে পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না।