মানবতাবিরোধী অপরাধ

হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে আজ

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। গতকাল বুধবার এ-সংক্রান্ত শুনানির তৃতীয় কার্যদিবসে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শুনানি উপস্থাপন শেষ করেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি হয়। এ ছাড়া মামলার আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী যায়েদ বিন আমজাদ। অ্যাডভোকেট আমীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রসিকিউশনের অভিযোগগুলো সত্য নয় এবং এর ওপর সাক্ষ্যতে সঠিক তথ্য-প্রমাণ উঠে আসেনি। এই যুক্তি দেখিয়ে আসামিদের খালাসের আরজি জানিয়েছি।’

অন্যদিকে যায়েদ বিন আমজাদ বলেন, ‘চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনার ফুল অ্যান্ড ট্রু ডিজক্লোসার’ (সত্য ও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ) হওয়ার শর্তে অ্যাপ্রুভার হয়েছেন এবং তিনি তার সত্য ও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছেন। তাই তিনি খালাস পাবেন বলে আশা করি।’

এদিকে আজ বৃহস্পতিবার প্রসিকিউশনপক্ষে পাল্টা যুক্তির শুনানি শেষে মামলাটিতে রায়ের দিন ধার্য হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। আজ এ মামলায় ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর এ মামলায় প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্কের শুনানি উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ৮ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালে বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা মো. আলমগীরসহ ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে এ মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দেন। গত ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অ্যাডভোকেট মিজানুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা গংদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। প্রসিকিউশনপক্ষে আগামীকাল (আজ) আমরা রিপ্লাই দেব। চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে।’