সেনাবাহিনীর প্রশংসায় চিফ প্রসিকিউটর

শুনানি ও আদেশের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তিনটি মামলায় আইনশৃঙ্খলা বাহিনী ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছিল। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।’ সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ‘আজকে (গতকাল) যাদের উপস্থিত করা হয়েছিল তাদের গ্রেপ্তার ও বিচারে সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছে তেমনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বলে যাদের মনে করি সেই বাংলাদেশ সেনাবাহিনী আদালতের এ প্রক্রিয়াকে সাহায্য করেছে। তারা (সেনাবাহিনী) ঘোষণা দিয়েছিল যে, ল অব দ্য ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে। বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছে।’ তিনি বলেন, ‘দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যারা অপপ্রচার করেন তাদের বলব, অপপ্রচার করবেন না। ল অব দ্য ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি। বিচার প্রক্রিয়ায় যারা সহযোগিতা করছেন, তাদের সবার প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’