আমাবস্যার রাতে কবরস্থান থেকে ১৬টি কংকাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি হয়েছে। এই ঘটনা ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে। 

চোরেরা কবর খুঁড়ে কঙ্কালগুলো তুলে নিয়ে যায়, কিন্তু কবর খোঁড়ার যন্ত্র, ট্রাউজার ও গেঞ্জি কেবল কবরস্থানে রেখে যায়। এখন পর্যন্ত এই চোর চক্রের কোনো সদস্যকে শনাক্ত করা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত মানুষ কবরস্থানে ভিড় করছে।

স্থানীয় সূত্র ও কবরস্থান পরিচালনা কমিটির বরাতে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লিরা কবরস্থানে গিয়ে দেখতে পান কিছু কবরের মাটি আলগা। কৌতূহলী মুসল্লিরা কাছে গিয়ে লক্ষ্য করেন, কবরগুলো থেকে কঙ্কাল তুলে নেওয়া হয়েছে। 

স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন জানান, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃতদের দাফন করা হয়েছিল।

কবরস্থানের পরিচালনা কমিটির সভাপতি হাজী নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ বলেন, অমাবস্যার রাতে কোনো এক সময়ে কবরস্থানে প্রবেশ করে চোরেরা কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় মুসল্লিরা এ ঘটনায় অবহিত হয় এবং খোড়া ১৬টি কবরের মধ্যে মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল তুলে নেওয়া দেখা যায়। পরে স্থানীয়রা নতুন করে মাটি চাপিয়ে কবরগুলো ঠিক করেন। বর্তমানে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছলাম আলী জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বিষয়টি খুবই গুরুতর অপরাধ উল্লেখ করে বলেন, প্রশাসন বিষয়টি নিয়ে সব ধরনের সহযোগিতা করবে।