সৌম্য-সাইফের বিস্ফোরক ব্যাটিংয়ে মিরপুরে ১০ বছর পর শতরানের জুটি

ব্যাট হাতে একসঙ্গে জ্বলে উঠেছেন সৌম্য সরকার এবং সাইফ হাসান। তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে এক দশক পর মিরপুর শেরেবাংলায় ওয়ানডে ফরম্যাটে দেখা গেল শতাধিক রানের জুটি। দুজনেই ফিফটি পূরণ করেছেন। তাদের ব্যাটিংয়ের কোনো জবাবই নেই ক্যারিবিয়ানদের কাছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দলের স্কোর ১৯.৫ ওভারে বিনা উইকেটে ১৩৮ রান।

২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর সব পজিশন মিলিয়ে ২০২৩ সালের ২৩ মার্চ ওয়ানডেতে সর্বশেষ কোনো শতরানের উদ্বোধনী জুটির দেখা পেয়েছিল বাংলাদেশ। সিলেটে আয়ারল‍্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি।

৪৫ ম্যাচ পর বাংলাদেশের উদ্ধোধনী জুটিতে একশ এলো। সময়ের হিসাবে ২ বছর ৭ মাস পর। ইনিংসের ১৪তম ওভারে চতুর্থ বলে ২ রান নিয়ে ৪৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য সরকার। তার ১৩তম ফিফটিও এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর। এরপর সাইফ হাসান ফিফটি পূরণ করেন ৪৪ বলে। এটা তার ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।