লালন সাঁইজির তিরোধান দিবস

মুন্সীগঞ্জে পদ্মহেম ধামে সাধুসঙ্গ অনুষ্ঠিত

ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পদ্মহেম ধামে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া টেকেরহাট বটতলার পদ্মহেম ধামে আগমনী গানের মধ্য দিয়ে শুরু হয়ে এ সাধুসঙ্গ চলে রাত ৮টা পর্যন্ত।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। পরে লালনের জীবনী, সাধনা বিষয়ক আলোচনা ও লালনগীতি পরিবেশন করেন পাগলা বাবলু, রাজ্জাক বাউল, সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মণ্ডল, এলিজা পুতুলসহ দেশবরেণ্য বাউল শিল্পীরা।

পদ্মহেম ধাম লালনসাঁই বটতলার প্রতিষ্ঠাতা কবির হোসেন বলেন, “মানবতার বাহক সর্বপ্রাণ লালন সাঁইজির আদর্শই আমাদের মূল শক্তি। ‘সত্য বল, সুপথে চল ওরে আমার মন’— লালন সাঁইজির এই বাণীর ওপর ভিত্তি করেই আশ্রমটি পরিচালিত হচ্ছে এবং আগামীতেও সাঁইজির কৃপায় এই সাধুসঙ্গ অব্যাহত থাকবে।”

উদ্বোধক অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, “নিজের বোধটাই সবচেয়ে বড় কথা। লালনের গান কেবল একটি গান নয়, এটি একটি উপলক্ষ, একটি বাহন। লালনের চেতনা এই গানের মধ্য দিয়েই প্রবাহিত হয়। 

যেমন— ‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে’— এই গানটি প্রতিজন মানুষ নিজের মতো করে অনুভব করে। 

অর্থাৎ আমি কবে যোগ্য হয়ে উঠব, আমার মনের মানুষের উপযুক্ত হয়ে উঠব— এই বোধটাই আসল। নিজের বিশ্বাস আর বোধই বড় কথা। জগতে যা কিছু সুন্দর, তা সুন্দর চর্চার মাধ্যমেই প্রকাশ পায়। সুন্দর কখনো মানুষকে খারাপের পথে নেয় না।”