উৎসবমুখর থিয়েটারপাড়া

টিভি নাটক ও চলচ্চিত্রকে ছাপিয়ে আধুনিক দর্শকের কাছে বিনোদন অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে মঞ্চনাটক। সময়ের সঙ্গে ক্রমেই জমজমাট হচ্ছে থিয়েটারপাড়া। পুরনো নাটকের পাশাপাশি দর্শকের মধ্যে বিনোদন জোগাচ্ছে নতুর নাটকগুলোও। এ ছাড়া কয়েকদিন পরপরই বিভিন্ন দলের উৎসবের আয়োজন আরও প্রাণবন্ত করে তুলছে শিল্পকলাসহ বিভিন্ন ভেন্যু। সেই ধারাবাহিকতায় ‘সুন্দরের প্রত্যাশায় পথচলা’ এই সেøাগান নিয়ে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে কাঙাল কবীরের জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী দলটির পক্ষ থেকে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের আয়োজন করেছে খেয়ালী নাট্যগোষ্ঠী। বছরব্যাপী প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করছে দলটি। অনুষ্ঠানের প্রথম দিন আজ শুক্রবার বিকেল ৫টায় খেয়ালীর প্রতিষ্ঠাতা এ কে এ কবীর রচিত গান, কবিতা ও নাটক নিয়ে থাকছে কাঙালের যত কথা। আগামীকাল সমাপনী দিনে একই সময়ে থাকছে গীতি, নৃত্যনাট্য ‘মানুষ হব’। নাটকটিতে অভিনয় করবেন রানু আরা, সহিফা আহম্মেদ, মিঠু, রবি, লিটু, রোজিনা আক্তার, ইব্রাহিম, মম, ইয়াংফা প্রমুখ। এ ছাড়া আমন্ত্রিত দল মৈত্রী থিয়েটারের নাটক ‘বীরা অঙ্গনা’, রঙ্গ পীঠ নাট্যদলের নাটক ‘সাদাকালো’ ও শৌখিন থিয়েটার নাটক পরিবেশন করবে জহির রায়হানের উপন্যাস অবলম্বনে ‘আরেক ফাল্গুন’ [অংশবিশেষ]।

সুবর্ণজয়ন্তীর আয়োজন প্রসঙ্গে খেয়ালী নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহীন আহমেদ বলেন, ‘১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় খেয়ালী নাট্যগোষ্ঠী। শুরু থেকেই আমরা মর্যাদাবোধসম্পন্ন মানবিক মানবসমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছি। এ দায়বদ্ধতা ছাড়াও দলটি বেশ কয়েকটি আলোচিত মঞ্চনাটক দর্শকদের উপহার দিয়েছে। বিশেষ করে পথনাটকের মাধ্যমে সমাজের নানা ইস্যু নিয়ে হাজির হয়েছে। সুবর্ণজয়ন্তীর আয়োজনটি হচ্ছে বছরব্যাপী। গত ফেব্রুয়ারি শুরু হয়েছিল মূল আয়োজন। বেশ সাড়া পেয়েছিলাম। আশা করছি সব অনুষ্ঠানে সাড়া পাব।’

নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় দলটির বহুল আলোচিত নাটক বলয়। আজ শুক্রবারও একই স্থান ও সময়ে প্রদর্শিত হবে নাটকটি। রাজনীতিক, বিজ্ঞানচিন্তক ও ধর্মতাত্ত্বিক এই তিন বলয়ের তিনজন মানুষ ঘুরপাক খাচ্ছেন অন্তর্দ্বন্দ্বে। যা থেকে মুক্তির পথ খুঁজতে মনোবিদের শরণাপন্ন হন তারা। তাদের মুক্তি মিলেছিল কী না, সেই গল্প বলে মঞ্চনাটক ‘বলয়’। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মোকাদ্দেম মোরশেদ। ‘বলয়’ নাটকে উঠে এসেছে মানুষের জীবনের নানা পরিসরে রাজনীতি, সমাজ, ধর্ম, ক্ষমতা, যুক্তি ও অযুক্তির বলয়ে আটকে থাকা মানুষের আত্মবিশ্লেষণ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেজাউল আমিন, স্বাধীন শাহ, নাহিদ সুলতানা, সেলিম মাহাবুব, বাশরী অনন্যা, রানা সিকদারসহ অনেকে।