সময়ের ব্যস্ত সংগীতশিল্পী অনেক দিন ধরেই নিয়মিত গান করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি কণ্ঠ দিলেন নতুন দুটি রোমান্টিক গানে। এর মধ্যে ‘ভালোবাসি’ শিরোনামে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। আর ‘আমার প্রিয়া’ শিরোনামের গানে শুভর সহশিল্পী চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা আদিবা। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। দুটিতেই মডেল হয়েছেন মাহমুদা চাঁদনী। মিউজিক ভিডিও দুটি পরিচালনায় ছিলেন আজাদ। শিগগিরই এগুলো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।
গান নিয়ে শুভ বলেন, ‘চাঁদনী বেশ ভালো একজন অভিনেত্রী। গান দুটিতে বেশ ভালো করেছেন। গান দুটি দারুণ হয়েছে। দর্শকদের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ অভিনেত্রী মাহমুদা চাঁদনী বলেন, ‘আমি খুব খুশি যে এত সুন্দর দুটি গানে অভিনয় করার সুযোগ পেয়েছি। গানগুলো অনেক চমৎকার। আশা করছি দর্শকদেরও ভীষণ ভালো লাগবে।’