বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এই উৎসব উদযাপিত হয়।

উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নারী-পুরুষ বিহারে উপস্থিত হন। এ সময় তারা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড়, ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোশাক, আগরবাতি, মোমবাতি ও বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

সাথে পটুয়াখালী ও বরগুনার ১০ জন ঠাকুরকে চীবর দান হিসেবে নতুন পোশাক দেওয়া হয়। এর আগে সকালেই ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান এবং অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠান সম্পন্ন হয়।

তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই উৎসব দিনভর চলবে।