এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে জামাল ভূঁইয়ার নেতৃত্বে লাল-সবুজরা ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
তবে এই ম্যাচের সূচি নিয়েই তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। এই সময়ের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে ১৩ নভেম্বর রাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাফুফে কর্মকর্তারা আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঙ্গে গুলশানে বৈঠকে বসেন। সেখানে তারা
আরচ্যারি টুর্নামেন্ট দু’দিন আগে শেষ করার অনুরোধ জানালেও তা সম্ভব নয় বলে জানিয়ে দেন তানভীর আহমেদ। এরপরই বাফুফে রাতেই ম্যাচের সময়সূচি প্রকাশ করে।
এ নিয়ে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতিপত্র আমাদের হাতে রয়েছে। আমরা স্পষ্ট জানিয়েছি, ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমাদের খেলা বিকেল ৪টা পর্যন্ত চলবে, এরপর যদি তারা রাতে খেলতে পারে, তাহলে কোনো সমস্যা নেই।”
জাতীয় স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের হলেও এর মূল ব্যবহারকারী বাফুফে ও অ্যাথলেটিক্স ফেডারেশন। ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানিয়েছেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা এটি নিয়ে কাজ করছি।”
১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচটি দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। বাফুফে মনে করছে, এটি প্রীতি ম্যাচ হওয়ায় কিছুটা শিথিলতা রাখা সম্ভব।