ফুটবলের ফাইনাল খেলা দেখতে যে দর্শক সবার আগে মাঠে আসবে, তাকে দেওয়া হবে একটি মোবাইল ফোন পুরস্কার- এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাই উপহারের আশায় নাটোরের সিংড়ার সোনাইখাড়া গ্রামের আবুল হোসেন খেলা শুরুর দুইদিন আগেই টাঙ্গাইলের সখীপুরে হাজির হয়েছেন।
আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সখীপুরের হামিদপুর ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কিন্তু আবুল হোসেন পৌঁছেছেন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রথম দর্শক হিসেবে গ্যালারিতে বসে পড়েছেন তিনি।
আয়োজকরা জানান, হামিদপুর ডিজিটাল ক্লাব ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ৪ অক্টোবর থেকে খেলা শুরু হয়। আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) ফাইনালে মুখোমুখি হবে ২ নম্বর বনাম ৫ নম্বর ওয়ার্ডের ফুটবল দল। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
আয়োজক হামিদপুর ডিজিটাল ক্লাবের সভাপতি ইব্রাহিম মণ্ডল বলেন, প্রথম দর্শকের পুরস্কার জিততে আবুল হোসেন প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই দিন আগে এসে হাজির হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। আবুল আমাদের অনুপ্রেরণা। এতে মাঠে দর্শকের সংখ্যাও বেড়েছে।
আবুল হোসেন বলেন, আমি ফুটবল ভক্ত একজন মানুষ। দূরে গিয়েও খেলা দেখতে ভালোবাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি, টাঙ্গাইলের হামিদপুর মাঠে ফুটবল ফাইনাল খেলা হবে এবং প্রথম দর্শকের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। তখনই মনে মনে ঠিক করি-আমি হবো সেই প্রথম দর্শক। তাই পুরস্কার নিশ্চিত করতে দুইদিন আগেই চলে এসেছি।
স্থানীয় গণমাধ্যমকর্মী ইসমাইল হোসেন বলেন, আমরা আবুল ভাইকে অভিনন্দন জানিয়েছি। তার দুই রাতের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। তাকে ঘিরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এমন দর্শক সত্যিই বিরল।
খেলা-পাগল এই আবুল এখন হামিদপুর মাঠের সবার প্রিয় মানুষ। ফাইনালের আগে তিনিই যেন হয়ে উঠেছেন ফুটবল মাঠের নায়ক। শেষে আবুল হোসেনের হাতে মোবাইল ফোন পুরস্কার তুলে দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।