রিয়াল মাদ্রিদ শুধু অভিযোগ করে আর চুরি করে: ইয়ামাল

আসন্ন এল ক্লাসিকোর আগে আগুনে যেন ঘি ঢেলে দিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওরা চুরি করে, আবার অভিযোগও করে! রবিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাবেউতে মুখোমুখি হবে লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী— রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মাদ্রিদ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে, তাদের ঠিক দুই পয়েন্ট পেছনে ইয়ামালদের বার্সা।

এমন সময় ইয়ামাল ‘কিংস লিগের’ ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করেন। সাবেক বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে পরিচালিত এই প্রতিযোগিতায় ইয়ামাল সম্প্রতি নিজ দল ‘লা ক্যাপিটালের’ সভাপতি হয়েছেন। সাক্ষাৎকারে কিংস লিগের দল পোরসিনোস এফসির মালিক ইবাই লানোস জিজ্ঞেস করেন, তার দল তাকে রিয়াল মাদ্রিদের কথা মনে করিয়ে দেয় কিনা?

ইয়ামাল সাথে সাথে বলে দেন, ‘হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে, তারা অভিযোগ করে..’। তার কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই। তৎক্ষণাৎ মাদ্রিদের একজন সুপরিচিত সমর্থক লানোস পাল্টা প্রশ্ন করেন, ‘রিয়াল মাদ্রিদ চুরি করে?’ যার জবাবে ইয়ামাল একটু অপ্রস্তুত হয়ে হেসে জবাব দেন, ‘আচ্ছা আচ্ছা, দেখা যাক, দেখা যাক।‘ ইয়ামালের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এর আগেও মাদ্রিদকে নিয়ে বেশ কড়া মন্তব্য করেছিলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত মৌসুমে কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদকে হারানোর পর তিনি বলেছিলেন, ‘ওরা আমাদের সামলাতে পারে না।’ তখন এ নিয়ে বিতর্ক ছড়ানোর পর ইয়ামাল আরও বলেছিলেন, ‘যখন আমি জিতি, তারা কিছু বলতে পারে না। যখন তারা জিতবে, তখন বলুক।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার ম্যাচে ইয়ামাল তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপ ফাইনালও ছিল। চলতি মৌসুমে গ্রোয়েন ইনজুরির কারণে মাঠে অনিয়মিত হলেও এখন পর্যন্ত বার্সার হয়ে ৭ ম্যাচে ৩ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। এল ক্লাসিকোর আগে তার এই মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে স্প্যানিশ ফুটবলে। এবার দেখার, মাঠের খেলায় ইয়ামালরা কেমন করেন।