দুজনেই বিশ্ব ফুটবলের কিংবদন্তি। ফুটবলের দীর্ঘ ইতিহাসে নিজেদের নাম স্থায়ীভাবে লিখে ফেলেছেন। ফুটবল মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতা ইতিহাসের অংশ। এক যুগেরও বেশি সময় ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল দুনিয়াকে বিভক্ত করে রেখেছেন দুই ভাগে। কে সেরা—এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। কিন্তু যদি এই দুই তারকা মাঠ নয়, বরং বক্সিং রিংয়ে মুখোমুখি হতেন—তাহলে?
মেসি-রোনালদোর কল্পিত লড়াই নিয়েই সম্প্রতি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বক্সিং কোচ মালিক স্কট, যিনি সাবেক হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন ডিওনটে ওয়াইল্ডার-এর প্রশিক্ষক ছিলেন। এক সাক্ষাৎকারে হাস্যরসের ছলে তিনি বলেন, ‘যদি মেসি আর রোনালদো বক্সিং রিংয়ে লড়ত, আমি বাজি ধরতাম মেসির পক্ষেই। ওর ভেতরে একটা রুক্ষ, লড়াকু মানসিকতা আছে। রোনালদো বরং একটু নরম মেজাজের, খেলার বাইরে বেশ শান্ত।’
তিনি আরও বলেন, ‘বক্সিংয়ে আগ্রাসন, মানসিক দৃঢ়তা ও মাথা ঠাণ্ডা রাখা—এই তিনটি জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। রোনালদো নিঃসন্দেহে অসাধারণ অ্যাথলেট, কিন্তু মেসির চেহারা-চলনেই বোঝা যায়—সে কখনো কাউকে ছাড় দেয় না। যদি কেউ তাকে অসম্মান করে, সে নিশ্চয়ই পাল্টা জবাব দেবে।’
মাঠের লড়াইয়েও অবশ্য মেসিই এগিয়ে আছেন। দুই তারকা এখন পর্যন্ত ৩৭ বার মুখোমুখি হয়েছেন, মেসি জিতেছেন ১৭ ম্যাচ, রোনালদো ১১টি, আর ৯টি ম্যাচ ড্র হয়েছে। প্রতিদ্বন্দ্বী হলেও দুজনেই একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়েছেন বহুবার। মেসি একাধিকবার বলেছেন, ‘রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।’ অন্যদিকে রোনালদোও জানিয়েছেন, ‘আমরা একে অপরের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছি—যদিও আমরা বন্ধুর মতো একসঙ্গে সময় কাটাই না।’
‘আঙুল নড়ছিল না, ব্যাট তুলতে পারছিলাম না’ - বাংলাদেশে তিলক ভার্মার ভয়ঙ্কর অভিজ্ঞতা
সদ্যোজাত সন্তান হারালেন পাকিস্তানি অল-রাউন্ডার