গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মাতব্বর নিহত

মাগুরায় সালিশ বৈঠককে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে বাদশা মোল্যা নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বলুকগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বাদশা মোল‌্যা (৬৫) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন গ্রাম্য মাতব্বর।

স্থানীয়দের বরাতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে ওই গ্রামের বাসিন্দা বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ  কারণে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার দুপুরে মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে সেখানে উপস্থিত সাবেক নওশের মেম্বারের নেতৃত্বে সালিস চলাকালে আনোয়ারের ছেলে আবির হোসেন উত্তেজিত হয়ে বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।