চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আহত ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে গরুচোর সন্দেহে মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় পিটুনিতে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার ভোরে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের রশিদ শেখের ছেলে।

আহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার ভাগাবাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০) ও বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)।

মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোষ চন্দ্র ম-ল বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ছয়-সাতজনের একটি দল মিনি পিকআপ ভ্যান নিয়ে বলভদ্রপুর গ্রামে এসে একটি গোয়ালের সামনে দাঁড়ায়। এ সময় গাড়ির শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। গোয়ালের সামনে গাড়ি দেখে বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন বেরিয়ে এসে তাদের ধাওয়া দেয়।

গ্রামবাসীর ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালানোর সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গ্রামবাসী চারজনকে ধরে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মতিয়ার রহমান নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।