বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর শাখার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদসহ ১৭টি পদে সংখ্যালঘুদের ঠাঁই হয়েছে। সংখ্যালঘুদের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিকে অনেকেই অসাম্প্রদায়িকতার দৃষ্টিকোণ থেকে দলটির ইতিবাচক মনোভাব বলে মনে করছেন।
উপজেলা বিএনপির ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে সঞ্জয় সাহাকে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এই কমিটির আরও ৬ পদে স্থান হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। এরা হলেন কোষাধ্যক্ষ পদে অমিত সাহা, সহ-কোষাধ্যক্ষ পদে গোপাল সাহা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক পদে রঞ্জিত মিত্র, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক পদে সুবোধ রায়, নির্বাহী সদস্য পদে অরুন ম-ল ও সঞ্জিত বিশ্বাস।
এছাড়া পৌর কমিটিতে সহ-সভাপতিসহ বিভিন্ন পদে ১০ জন হিন্দু সম্প্রদায়ের নেতা স্থান পেয়েছেন। এরা হলেন সহ-সভাপতি পদে স্বপন কুমার সাহা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে সোমা রানী সাহা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক পদে নারায়ণ চক্রবর্তী, নির্বাহী সদস্য পদে বিভূতিভূষণ সাহা, গৌর চন্দ্র সাহা, স্বপন কুমার চক্রবর্তী, হরে কৃষ্ণ সাহা, তপন কুমার রাজবংশী, প্রিতম সাহা ও স্বপন দাস।
স্কুল শিক্ষক মুকুল বসু বলেন, ‘এটা বিএনপির রাজনীতির ক্ষেত্রে একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি।
স্থানীয় গণমাধ্যমকর্মী নির্মল কুমার বিশ্বাস নয়ন বলেন, ‘এখন সংখ্যালঘুরা সব দলের রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত। তারা বিএনপি, আওয়ামী লীগসহ সব দলই করে। শুধু স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতেও হিন্দুদের দল করায় এ বৈচিত্র্য লক্ষ্যণীয়।’
এ ব্যাপারে উপজেলা বিএনপির নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘হিন্দুরা এদেশেরই মানুষ। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম চান হিন্দুরা বেশি করে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হোক। আগামীতে এ দলে হিন্দুদের আরও বেশি করে সম্পৃক্ত করা হবে। সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দল পরিচালিত হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও সমসংখ্যক সদস্য বিশিষ্ট পৌর কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পৃথক দুই পত্রে উল্লেখ করা হয়েছে ‘নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইল।’ এই নির্দেশিত হওয়া বলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নির্দেশিত হওয়াকে বোঝানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। কমিটিতে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি করা হয়েছে।