ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বাঁশবাজারের ব্যবসায়ী নেতা জহিরুল হকের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বড় চারটি বাজার ও একটি বিপণি বিতানের সব দোকানপাট বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে ব্যবসায়ী মহল। গতকাল শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা সড়কবাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন শুরু করেন।
জানা গেছে, খাস জায়গার বন্দোবস্ত নিয়ে পুরাতন বাঁশবাজারে উপজেলা প্রশাসনের টানানো সাইনবোর্ড ভেঙে ফেলাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি মামলায় গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শহরের বাগানবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে ব্যবসায়ী জহিরুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সড়কবাজারের মেসার্স বস্ত্র বিতানের স্বত্বাধিকারী। গ্রেপ্তারের খবর শুনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ বাজার, সড়কবাজার, লাখিবাজার, টানবাজার ও নিউ মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়কবাজারে জড়ো হন। তারা বাজার, নিউ মার্কেট ও বিভিন্ন দোকানের সামনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ব্যানার টানিয়ে দেন।