কালিয়াকৈর

গভীর রাতে জমি দখলের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে টিনের বেড়া ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আটাবহ ইউনিয়নের হিজলহাটি মৌজায় ৩৮২ শতাংশ জমি পৈতৃক ওয়ারিশ ও ক্রয়সূত্রে মালিক হন দারগ আলী ম-ল। ওই জমি তিনি তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ের নামে লিখে দেন। সেখান থেকে ১১৭ শতাংশ দারগ আলীর এক ছেলে হাসমত আলী ম-ল, দুই মেয়ে খোরশেদা আক্তার ও লাইলী বেগম ভাড়া দেন। তারা ওই জমিতে টিনের বেড়া দেন।

কিন্তু দারগ আলীর ভাতিজা লাল মিয়া, মতিউর রহমান, দুলু মিয়া, বিল্লাল হোসেন, সুমেদ ম-ল লোকজন নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই জমির টিনের বেড়া ভেঙে ফেলে।

এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে হাসমত আলী ম-ল ও তার বোন লাইলী ম-ল জমি দখলের চেষ্টাকারীদের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।

হাসমত আলী ম-ল, তার ভাই আব্দুল হালিম বলেন, ওই জমি আমাদের নামে খাজনা-খারিজ করা আছে। সে অনুযায়ী আমরাও ভোগ-দখলে আছি। এর মধ্যে ১১৭ শতাংশ জমি এক ভাই ও দুই বোন মিলে ভাড়া দিয়েছে। কিন্তু অভিযুক্তরা গভীর রাতে আমাদের টিনের বেড়া ভেঙে ওই জমি দখলের চেষ্টা করে।

টিনের বেড়া ভেঙে ফেলার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মতিউর রহমান বলেন, ‘ওই জমি আমাদের শরিকি সম্পত্তি। আমরাও ওই জমির মালিক। ওই জমি নিয়ে আমাদের মধ্যে বাটোয়ারা মামলাও আছে।’