পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কখনই নাটক যেন শেষ হতে চায় না। একের পর এক খবর আসতে থাকে, যেগুলোর মাঝে হাস্যকর ঘটনাও আছে। যেমন বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক’ হিসেবে নিয়োগ দিল পিসিবি। শুক্রবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক নৈশভোজে এই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি।
পিসিবি সম্প্রতি ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। এতদিন ওই পদে ছিলেন উসমান ওয়াহলা। তিনি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময় ‘হ্যান্ডশেকগেট’ বিতর্কে অভিযুক্ত হয়ে সাময়িকভাবে বরখাস্ত হন। যদিও পরে তিনি পুনর্বহাল হয়েছিলেন। তবে এখন তাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর প্রশাসনিক বিভাগে বদলি করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে এই পদের প্রধান প্রার্থী হিসেবে ধরা হলেও শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন বর্তমান টেস্ট অধিনায়ক মাসুদ। ৩৬ বছর বয়সী শান মাসুদ এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৪ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টি খেলেছেন। সম্প্রতি তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে পাকিস্তান। তাদের পরবর্তী টেস্ট সিরিজ আগামী বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে।