স্বরূপে বিরাট কোহলি; ‘ডাক’ চক্র থেকে বেরিয়ে করলেন উদযাপন

ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে টানা দুই ‘ডাক’ মারার পর অবশেষে রানের দেখা পেয়েছেন বিরাট কোহলি। আজ শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি ফিফটি পূরণ করেছেন। কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে হয়েছেন ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (১৪,২৩৯*)। তার ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার (১৮,৪২৬।

১১তম ওভারে অধিনায়ক শুবমান গিল আউট হলে ক্রিজে আসেন কোহলি। তখন তাকে অভ্যর্থনা জানায় দাঁড়িয়ে যান সিডনি ক্রিকেট গ্রাউন্ডে থাকা দর্শকরা। জশ হ্যাজলউডের প্রথম বলেই তিনি মিড-উইকেটে ঠেলে দেন এক রান। সেই রান নেওয়ার পরই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ফিস্ট পাম্পে উদযাপন করেন কোহলি। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিশ্বের সর্বোচ্চ ৫১টি ওয়ানডে সেঞ্চুরির মালিককে এভাবে উদযাপন করতে দেখে অনেকেই অবাক হয়েছেন। টানা ব্যর্থতায় তিনি যে কতটা চাপের মধ্যে ছিলেন, সেটাই যেন ফুটে উঠেছে তার উদযাপনে। ৫৭ বলে ফিফটি পূরণ করেন কোহলি। সাবেক অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি একশ রান ছাড়িয়ে গেছে। রোহিত এখন আছেন সেঞ্চুরির পথে।

বর্তমানে জাতীয় দলের জার্সিতে এই একটা ফরম্যাটেই খেলেন কোহলি। দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টানা দুই ম্যাচে ‘ডাক’ মেরেছিলেন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তার পারফরম্যান্স নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আজকের ইনিংস দিয়ে টানা ব্যর্থতার রেকর্ড ভাঙার পাশাপাশি নিজের আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টারবয়।