আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুরের বাসিন্দা বাতেন নিহতের ঘটনায় হত্যা মামলাটি তুলে নিতে মামলার বাদীসহ তার পুরো পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাদী শাহজান আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে তার বাবা মো. আব্দুল বাতেন, ছোট ভাই আজিজুল এবং ভাগিনা মুছাকে গত ১৫ অক্টোবর রেজাউল করিমসহ ২৩ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন ব্যক্তি ওয়াজ মাহফিল ও মাদক নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পথরোধ করে মারপিট ও হত্যার চেষ্টা চালান। এতে আমার বাবা বাতেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে রেজাউলসহ ২৩ জনের নামের একটি হত্যা মামলা দায়ের করি। এ ঘটনায় কোনও আসামি গ্রেপ্তার করেনি পুলিশ।

মো. শাহজাহান অভিযোগ করেন, মামলার পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। বসতভিটায় ইট-পাথর নিক্ষেপসহ আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এতে আমরা পুরা পরিবার আতংকিত। আমরা অনেকে বর্তমানে বাড়িছাড়া থাকতে হচ্ছে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হুমকির ঘটনাটি শুনেছি। তদন্ত করা হবে। তবে সাধারণ ডায়েরিটি রেকর্ড হয়নি।