আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের আলোচিত নাটক ‘কিনু কাহারের থেটার’। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনাটি। মনোজ মিত্র রচিত এ নাটকের নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সানজিদা প্রীতি, জগন্ময় পাল, সাইফুল জার্নাল, পারভীন পারু, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, তানজিকুন প্রমুখ।
নাটকের কাহিনিতে দেখা যাবে পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, ‘এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব’। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কী করে চৌদ্দ ঘা চাবুক মারতে আদেশ দেবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দেবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য। তারপর ঘটে নাটকীয় মোড়।