বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর বৈঠক

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন সফররত পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন আমাদের প্রয়োজন অর্থনৈতিক সম্পর্ককে সেই একই স্তরে উন্নীত করা।’ তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হয়েছে। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো হয়নি। এ সময় তিনি বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।