মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় নেই এবং এই আদালতকে তিনি (আইনজীবী) ‘ক্যাঙারু কোর্ট’ বলে মনে করেন না। গতকাল সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার মামলায় বিচার কার্যক্রমের সম্প্রচারের একটি অংশকে কিছু অসাধু ইউটিউবার বাজেভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট আমির হোসেন। সম্প্রতি ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্কের শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। এর একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ট্রাইব্যুনাল ও এ আইনজীবীর কথোপকথন রয়েছে।
গতকাল অ্যাডভোকেট আমির হোসেন বলেন, তিনি এ কথা বলেছেন (আদালতের উদ্দেশ্যে) যে, তিনি আশা ও বিশ্বাস করেন, তার আসামি (শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল) খালাস পাবেন। এটা তার পেশাগত দায়িত্ব। আইনজীবী বলেন, ‘ট্রাইব্যুনালে যদি আমি বলি, আমার আসামি খালাস পাবেন না, সেটা কি সঠিক হবে? সেটা কি আমি বলতে পারি? এ সম্পর্কে দু-একটি কথা এবং সেখানে একটু হাসাহাসিও হয়েছে। সেটাকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে আপনার কোনো সংশয় আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘যারা ক্যাঙারু কোর্ট মনে করেছে, সেটা তাদের ব্যাপার। আমি মনে করি না কোনো অস্বচ্ছতার কিছু আছে। কারণ, এ পর্যন্ত ট্রাইব্যুনালে আমি আমার কথা বলতে পারি, কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেয়নি। কেউ বলেননি যে এটা বলবেন না, এটা করবেন না, অতএব এই কোর্ট ক্যাঙারু কোর্ট নয়।’ তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন তিনি।