অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামেও পরিচিত, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। সম্রাট আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন।
২০১৯ সালের ৬ অক্টোবর র্যাব কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে। পরদিন তাকে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, অস্ত্র এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া।
বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সেদিনই ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরদিন, অর্থাৎ ৭ অক্টোবর, র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আদালতে অস্ত্র মামলার অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২৪ সালের ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সেদিন তিনি আদালতে উপস্থিত না থাকায় জামিন বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
বিচার চলাকালীন মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সর্বশেষ গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের (২৮ অক্টোবর) তারিখে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।