ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে কারখানাকে জরিমানা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভেজাল শিশুখাদ্য ও বেকারি পণ্য উৎপাদনের দায়ে ‘মিতালি ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঘোষগাঁও (এলাহিপুর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

জানা যায়, ‘মিতালি ফুড প্রোডাক্ট’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি ও শিশুখাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া সেখানে পোড়া তেল ব্যবহার এবং শিশুখাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ব্যবহৃত তেল পরীক্ষা করে তা নিম্নমানের এবং হাইড্রোজ মিশ্রিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।