পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার ও সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে জানতে চেয়েছেন, কেন তাকে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না। রিজওয়ান বর্তমানে একমাত্র খেলোয়াড়, যিনি পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে এখনো সই করেননি।
পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল ‘সামা টিভি’ জানিয়েছে, রিজওয়ান চুক্তিতে সই করার আগে পিসিবির কাছ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। পাকিস্তানি গণমাধ্যমের আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিজওয়ান বোর্ডের কাছে অতিরিক্ত কিছু শর্তও দিয়েছেন, যদিও সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। সম্প্রতি তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন বোর্ড। নতুন অধিনায়ক হয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
রিজওয়ান শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে। এরপর তিনি এবং বাবর আজম দুজনেই দল থেকে বাদ পড়েন। তবে বাবরকে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সিরিজে আবার দলে ফেরানো হয়েছে। কিন্তু রিজওয়ান এখনো বাইরে। পিসিবির নতুন চুক্তিতে এবারের মতো কোনো খেলোয়াড়কেই ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি। গত মৌসুমে রিজওয়ান ও বাবর দুজনই ছিলেন সেই তালিকায়, তবে এবার দুজনকেই নামিয়ে আনা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
এদিকে, পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী, রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে কারণ তিনি দলের স্পনসর হিসেবে বেটিং কোম্পানিগুলোর প্রচারে রাজি হননি। আবার সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে তার ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের কারণে। রিজওয়ান পাকিস্তানকে ২০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৯টিতে এবং হেরেছেন ১১টিতে।