বিচারকের স্বাক্ষর ও আদেশ জালিয়াতি অভিযোগের মামলায় ঢাকার দেউলিয়া আদালতের সেরেস্তাদার মো. খাদেমুল বাশারকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই (উপপরিদর্শক) মো. রাসেল মোল্লা আসামি বাশারের পাঁচ দিন রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ বলা হয়েছে, আসামি খাদেমুল বাশার বিচারকের নাম-পদবী সীল ব্যবহার করে স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে জাল ও ভুয়া আদেশনামা, রিলিজ আদেশ ও জামিননামা তৈরি করে। প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আদায় করে কয়েকজন আসামিকে কারাগার থেকে জামিনে মুক্তি করায়।
গত বুধবার বিকালে খাদেমুল বাশারকে সূত্রাপুর থানার জনসন রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। আসামির বাসা থেকে আদালতের গুরুত্বপূর্ন নথি ও জাল-জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।