যশোর সদর উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ঢাকায় আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর শিশু মেলা এলাকায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে ধরে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কিছু মানুষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, “শিশু মেলা এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে আমাদের টিম সেখানে যায়। ঘটনাস্থল থেকে শাহারুল ইসলামকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করি।”
এদিকে, যশোর কোতোয়ালি থানায় শাহারুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, “ঢাকা থেকে আমাদের জানানো হয়েছে শাহারুল ইসলাম আটক আছেন। বিষয়টি আমরা যাচাই করছি, বিস্তারিত পরে জানানো হবে।”
দলীয় সূত্রে জানা যায়, শাহারুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এলাকা ত্যাগ করেন। দীর্ঘ নীরবতার পর সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া শুরু করেন।