যাত্রাবাড়ীতে ব্যক্তির মরদেহ উদ্ধার, রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি গ্যারেজ থেকে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের একাধিক জখম রয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার ভোরে বাসা থেকে বের হয়েছিলেন আনোয়ার হোসেন নামের ওই ব্যক্তি। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, শরিফপাড়া ফারুকের গ্যারেজে হাত পা বাধা অবস্থায় পড়ে আছে আনোয়ার। এরপর আনোয়ারের মা সেখানে গিয়ে আনোয়ারকে দেখতে পান। সেখানে জানতে পারের, কে বা কারা আনোয়ারকে রড, লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে যখম করেছে।

এসআই জানান, ঘটনাস্থলে ও আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।

মৃত আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ি মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। আনোয়ার বিআইডব্লিউটিএতে চাকরি করতেন। দুই সন্তানের জনক তিনি।

তিনি আরও জানান, রড ও লোহার এ্যাঙ্গেল চোর সন্দেহে স্থানীয় দাড়োয়ানরা আনোয়ারকে পিটিয়েছে বলে জানতে পেরেছি। বাকিটা পুলিশ তদন্ত করে বের করবে।