বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, একসময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু বিগত সরকারের আমলে ফুটবল ফেডারেশনকে দলীয় করার কারণে ফুটবল তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখন সময় এসেছে গ্রামাঞ্চলে ফুটবলের গৌরব ফিরিয়ে আনার। তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তাবিথ আউয়াল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে। ইতোমধ্যে ফুটবলে প্রাণ ফিরে এসেছে। এই ধারাকে আরও প্রসারিত করতে হলে প্রত্যন্ত অঞ্চলের তরুণদের সম্পৃক্ত করতে হবে।
খেলায় অংশ নেয় মতলব উত্তর উপজেলা ফুটবল একাদশ বনাম মতলব দক্ষিণ উপজেলা ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটেই মতলব উত্তর একাদশ ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা দল। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহাজাহান সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, ড্যাবের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান টিটু, সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন মেজু ও জামাল হোসেন, পৌর বিএনপি নেতা কবির হোসেন সরকার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রজিব প্রমুখ।