নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা ও সৎমাকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শিশুটিকে ময়মনসিংহের ত্রিশালে তাদের ভাড়া বাসায় পিটিয়ে হত্যার পর আড়াইহাজার উপজেলার মারুয়াদি নিজ গ্রামে এনে দাফনের চেষ্টা করা হয়। আটকরা হলেন শিশুটির বাবা রকিবুল হাসান ওরফে রোকন ও সৎমা হামিদা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে রুকসানার বাড়িতে সাব্বির আহমেদ ওরফে সাফওয়ানের (৮) মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সাফওয়ানের মা শিউলী আক্তার অভিযোগ করেন, বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে নিহত সাফওয়ানের বাবা তার সৎমাকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল থানার রায়মনি গ্রামে ভাড়া থাকে। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে সাব্বিরকে পিটিয়ে হত্যা করেন তার সৎমা হামিদা আক্তার (৩২)। এরপর সাব্বিরের বাবা রকিবুল হাসান ও হামিদা আক্তার বিষয়টি গোপন রেখে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে প্রচার করেন এবং লাশ আড়াইহাজারের নিজ গ্রামে এনে দাফনের চেষ্টা করেন। আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামিদা আক্তার পালিয়ে যান। ঘটনার পরদিন পুলিশ রকিবুল হাসান ও হামিদা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।