নেত্রকোনায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত

নেত্রকোনা ময়মনসিংহ সড়কের নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কে পূর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী যাত্রী নিয়ে আসা অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হয়েছেন। স্থানীয়রা এসে একজনকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠায়। অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া মরদেহ দুটি উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার বলেন, চালক জলিলের বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত যাত্রীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।