সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম (৬০) চাকরির শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। ফজলুল করিম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘তিনি ছিলেন একজন সৎ ও শান্ত স্বভাবের শিক্ষক। তার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।’ রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘ফজলুল করিম একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারাল।’