টানা চার সিরিজ জয়ের পর চরম বাজে পারফর্মেন্স দেখিয়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজজুড়ে সবচেয়ে আলোচিত-সমালোচিত ছিলেন জাকের আলী অনিক। তিন ম্যাচে দলে অনেক অদলবদল হলেও জাকের ঠিকই টিকে গেছেন এবং দেখিয়েছেন বাজে পারফর্মেন্সের চরম প্রদর্শনী।
গতকাল শুক্রবার শেষ ম্যাচে জাকের করেছেন মাত্র ৫ রান। তার মাঠে নামা থেকে শুরু করে ড্রেসিংরুমে ফেরত যাওয়া পর্যন্ত গ্যালারির দর্শকরা বিরামহীনভাবে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিচ্ছিলেন। জাকেরের চুইংগাম চিবনোতেও অনেকের আপত্তি। নিজ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে এমন দুয়োধ্বনি নজরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির। তিনি ‘ভুয়া’ শব্দটির অর্থও জেনে নিয়েছেন।
ক্রিকেটারদের নিয়ে এভাবে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেওয়া মোটেও ভালো লাগেনি স্যামির। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তারা (দর্শকরা) ক্রিকেটারদের সঙ্গে যেভাবে আচরণ করেছে, সেটা আমার ভালো লাগেনি। আমি শুনেছি তারা ভুয়া, ভুয়া বলছে। এর অর্থও আমি জেনেছি। কিন্তু আমি মনে করি না, হোম টিমের দর্শক হিসেবে এমন করা উচিত। কারণ আপনারা তখন সমর্থক। প্রত্যেক ক্রিকেটারই মাঠে আসে তাদের সেরাটা দেওয়ার জন্য। তাই আপনাদের উচিত, তাদের সমর্থন করা।’