সামনে আরেকটি ফাইনাল; ইতিহাসের দ্বারপ্রান্তে ডি মারিয়া

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে নতুন করে আলোচনায় কিংবদন্তি আনহেল ডি মারিয়া। ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষে প্রিয় ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার পর প্রথম ফাইনাল খেলতে যাচ্ছেন। তার ক্লাবও দাঁড়িয়ে আছে ইতিহাসের দ্বারপ্রান্তে। ইনস্টিটিউতোকে ৩–১ গোলে হারিয়ে রোজারিও সেন্ট্রাল বার্ষিক পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। এতেই তারা উঠে গেছে ইন্টারন্যাশনাল সুপার কাপ ফাইনালে। ডি মারিয়ার স্বপ্ন এখন ক্লাবকে শিরোপা এনে দেওয়া।

এই আসরের অপর ফাইনালিস্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। প্লাতেন্সে এবং চলমান ক্লাউসুরা টুর্নামেন্ট চ্যাম্পিয়নের মধ্যকার লড়াইয়ে নির্ধারিত হবে অপর ফাইনালিস্ট। অ্যারিয়েল হলানের কোচিংয়ে রোজারিও সেন্ট্রাল পুরো মৌসুমেই ছিল দারুণ ধারাবাহিক। ১৪ দলের এই প্রতিযোগিতায় তারা এখন পর্যন্ত ১৮ জয়ে, ১১ ড্রয়ে এবং মাত্র ১ পরাজয়ে ৬৫ পয়েন্ট পেয়েছে। দলের এই অগ্রযাত্রায় বল পায়ে ডি মারিয়া ছিলেন উজ্জ্বল।

ফাইনাল রোজারিও সেন্ট্রালের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। যদি তারা ক্লাউসুরা টুর্নামেন্টও জিতে নেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লাতেন্সেকে হারায়, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারন্যাশনাল সুপার কাপের জন্য যোগ্যতা অর্জন করবে। তবে নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে দ্বিতীয় ফাইনালিস্ট হবে বার্ষিক পয়েন্ট তালিকার রানার্স-আপ দল। বর্তমানে বোকা জুনিয়র্স ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং রিভার প্লেট ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আসন্ন বোকা বনাম রিভারের সুপারক্লাসিকো ম্যাচটি তাই শুধু ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার নয়, কোপা লিবার্তাদোরেসে সরাসরি জায়গা পাওয়ার লড়াইও। ২০২৫ সালের ইন্টারন্যাশনাল সুপার কাপ আয়োজন করা হবে নিরপেক্ষ আন্তর্জাতিক ভেন্যুতে। ম্যাচের নির্দিষ্ট মাঠ এখনো ঘোষণা হয়নি, তবে এটি হবে এই প্রতিযোগিতার চতুর্থ আসর। ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত প্রথম আসরে রেসিং ক্লাব হারিয়েছিল বোকা জুনিয়র্সকে।