চেম্বার নির্বাচন বানচালের প্রতিবাদে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের’ মানববন্ধন

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নির্বাচন বিলম্ব ও নির্বাচন প্রক্রিয়া বানচালের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। শনিবার সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিনের পরিচালনায় মানববন্ধনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন বাদ দিয়ে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট শ্রেণীর নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্ব করা যাবে না। সাধারণ ব্যবসায়ীরা নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত।

মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করে নির্বাচন দেওয়া না হলে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি আগামীকাল রবিবার আন্দরকিল্লা থেকে টেরিবাজার, চাক্তাই, খাতুনগঞ্জসহ বাণিজ্যিক এলাকাগুলোতে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. কামরুল হুদা, মো. আইয়ুব, মো.রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস. এম. কামাল উদ্দিন, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ. রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মো. আজিজুল হক, মো. রাশেদ আলী ও মো. মুছা প্রমুখ।